নীলফামারীতে ধর্ষণের পর হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে আকলিমা খাতুন (২১) নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়াউদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর কাঙ্গালু পাড়ার আব্দুল করিমের ছেলে আনোয়ারুল হক (৩৫), একই এলাকার মতিয়ার রহমানের ছেলে ছামিউল ইসলাম শুভ (২৫)।

এজাহার সূত্রে জানা যায়, পার্বতীপুরের শরিফুল ইসলামের সাথে আকলিমার বিয়ের পর পারিবারিক কলহের কারণে অভিমান করে সৈয়দপুরের কিসামত কামারপুকুরে বাবার বাড়ি চলে আসেন। কিছুদিন পর স্বামী শরিফুলের পাঠানো তালাকনামার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। এরপর ২২ আগস্ট ভোরে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশি তদন্তে জানা যায়, আকলিমাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর উল্লেখিত আসামিরা হত্যা করে।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, এ মামলায় আদালতে মোট ১৪ জন সাক্ষী দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।