রাজপথে মৃত্যুর হানা

প্রধান শিক্ষকসহ প্রাণ গেল ৬ জনের

হাসপাতালে ভর্তি ৬ জন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, দিনাজপুর ও রংপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক স্কুলছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরো ছয়জন।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের পূর্ব পাশে পূর্ব কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে পৌর শহরের বিষ্ণুপুর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে রাজবাড়ী অভিমুখী একটি অজ্ঞাত ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সজীব প্রামানিক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মিরাজ শেখকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিরাজ শেখ পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে এবং সজীব প্রামানিক একই এলাকার সাইদুল প্রামানিকের ছেলে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, নিহত সজীব প্রামানিকের আগামী ১৫-২০ দিনের মধ্যে রাশিয়া যাওয়ার প্রস্তুতি চলছিল।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খাইরুল নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে, স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বাবা সাদেক মিয়া জানান, খাইরুল উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে খাওয়ার পর বন্ধুদের সাথে শিবপুর মাঠে খেলা দেখতে যায়, বিকেলে ফেরার পথে শিবপুর বড় ব্রিজের সামনে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

স্থানীররা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যায়।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় ট্রাকের নিচে চাপা পড়ে আবু বকর সিদ্দিক (৫৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় সিডস্টোর-বাটাজোর সড়কে উপজেলার পাড়াগাঁও মেম্বারবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আবু বকর সিদ্দিক উপজেলার কাচিনা গ্রামের খানপাড়ার আলীম উদ্দিনের ছেলে ও পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবু বকর সিদ্দিক নির্বাচনী প্রশিক্ষণ শেষে ভালুকা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে উপজেলার পাড়াগাঁও গ্রামে সিডস্টোর-বাটাজোর সড়কে মোটরসাইকেলটিকে একটি মাছভর্তি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক আজহারুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল দুপুরে গোপালগঞ্জ হাটের ব্র্যাক অফিসের সামনে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম আজিজুল ইসলাম (৫৭)। তিনিসহ আরো চারজন ইজিবাইকে বীরগঞ্জে আসার পথে দুর্ঘটনার শিকার হন। আহতদেরকে বীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর ব্যুরো জানায়, রংপুরে একটি মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত এবং উদ্ধারকারী আহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার পালিচড়া বড়ভিটা-শ্যামপুর কাটাবাড়ি রোডে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিদ্রাটি উল্টে রাস্তার পাশের জমিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক জাহিদুল ইসলাম। তিনি স্থানীয় ডাবরিয়ার পাড়ার মুকুল মিয়ার ছেলে।

এ ঘটনায় উদ্ধার করতে যাওয়া এলাকাবাসী ফারুক মিয়া আহত হন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।