উল্লাপাড়ায় শিমুল বাগান দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু
Printed Edition
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল বাগান দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলব্রিজ থেকে নিচে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে সানি এবং আক্তার হোসেনের ছেলে ফয়সাল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বসন্তের এই সময়ে ঘাটিনা এলাকার শিমুল ফুলের বাগান দেখতে দূর-দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসেন। দুপুরে সানি ও ফয়সাল ওই এলাকায় ঘুরতে যান এবং শিমুল বাগানের ছবি তোলার একপর্যায়ে রেলব্রিজের ওপর উঠে পড়েন। এ সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রেন চলে আসলে তারা নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ট্রেনের ধাক্কায় তারা দু’জনেই ব্রিজ থেকে নিচে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই সানির মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে দ্রুত উল্লাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।