সার্ক কোটা দুইজন করার দাবি ফুটবলারদের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পুরো সার্ক কোটাই বাতিল করতে হবে। সেই সাথে কমাতে হবে বিদেশী ফুটবলারের সংখ্যাও। কয়েক দিন আগে বাফুফে ভবনে এসে ফেডারেশন সভাপতি বরাবর এই দাবি জানিয়ে চিঠি দেন ফুটবলাররা। এবারো বিদেশী খেলোয়াড় কমানোর দাবিতে বহাল স্থানীয় খেলোয়োড়ররা। তবে সার্ক কোটা বাতিল নয় এই সংখ্যা দুইয়ে নামিয়ে আনার দাবি করেছে তারা। গতকাল বাফুফে ভবনে ফুটবলারদের সাথে মিটিং করেছেন বাফুফের দুই সদস্যের কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। তখনই ফুটবলাররা এই দাবি করেন। আগের বার আসেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। কাল তিনি ফুটবলারদের নেতৃত্ব নিয়ে এসেছেন। কথা বলেছেন বাফুফের দুই প্রতিনিধির সাথে। উল্লেখ্য, মামুনুল এখন ফর্টিসের খেলোয়াড়। আরো উপস্থিত ছিলেন মোহামেডান অধিনায়ক মেহেদী হাসান মিঠু, আবাহনীর গোলরক্ষক মিতুল মারমাসহ অন্য ফুটবলাররা।
চলতি বছর বাফুফে আইন করে, প্রত্যেক দল পাঁচজন করে সার্ক কোটার ফুটবলারকে খেলাতে পারবে। তবে তারা বিদেশী হিসেবে নয় দেশী পরিচয়ে। এ ছাড়া সার্কের বাইরে অন্য দেশের খেলোয়াড়রা প্রকৃত বিদেশী পরিচয়ে খেলবে। এই সংখ্যা তিনটি। এতে ক্লাবগুলো সস্তায় সার্ক কোটায় দেশী পরিচয়ের বিদেশীদের নিয়েছে। যাদের কারো কারো পারিশ্রমিক বাংলাদেশী ফুটবলারদের পারিশ্রমিকের পাঁচ ভাগের একভাগ। এর ফলে দেশী ফুটবলারদের কেউ ক্লাব পায়নি। কেউ বা ক্লাব পেলেও স্থান সাইড বেঞ্চে। এখন ফুটবলাররা দাবি করেছে সার্ক কোটা পুরো বাতিল নয়। দুইজন করে সার্ক কোটার ফুটবলারকে প্রতি ক্লাবে খেলার অনুমতি দেয়া। সে সাথে বিদেশীর সংখ্যা দুইজন করে। তাদের এই দাবি শুনেছেন বাফুফের দুই সদস্য। এখন এই প্রস্তাব বাফুফের সভায় আলোচনা হবে।
সভা শেষে ফুটবলার মামুনুল জানান, আমরা চাই ক্লাব ও ফুটবলার উভয়েরই স্বার্থ সংরক্ষিত হোক। তাই দুইজন সার্ক কোটা এবং সমানসংখ্যক বিদেশীর প্রস্তাব দিয়েছি। যোগ করেন, সার্কভুক্ত দেশগুলোর সাথে আমাদের সম্পর্কের বিষয়ও মাথায় রাখতে হবে।