চবি ক্যাম্পাসে মদের কারখানা আটক ১
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে জীববিজ্ঞান অনুষদের পেছনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা সুমন চাকমাকে মদ তৈরির কারখানা পরিচালনা, বন্যপ্রাণী শিকার ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে তাকে আটক করা হয়।
এ সময় একটি ড্রামে সদ্য প্রস্তুত ৩০ লিটারের বেশি মদ, পাঁচ লিটারের একটি ডেক্সি, বোতলভরা পাঁচ লিটার প্রস্তুত মদসহ বড় আকারের মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া মদ বিক্রি সংক্রান্ত হিসাবের খাতা, সরঞ্জাম ও অন্যান্য আলামতও জব্দ করা হয়েছে।
অভিযানের সময় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জব্দ করা আলামত সংগ্রহ করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গ্রীনহাউসের ব্রিজের ঠিক উত্তর পাশে বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেয়া বখতিয়ার ফকিরস্থ জমিতে প্রায় ১৫ বছর ধরে বসবাস করছিলেন সুমন চাকমা। একটি ছোট ঘরকে তিনি বাসস্থান হিসেবে ব্যবহার করতেন। ঘরের পেছনেই তাঁতকরা কাঠামোয় গড়ে তুলেছিলেন চোলাই মদ তৈরির কারখানা। সম্প্রতি বায়োলজিক্যাল সায়েন্সেস ফ্যাকাল্টির পুকুরপাড়ে বহিরাগতদের সন্দেহজনক যাতায়াত এবং শিক্ষার্থীদের একটি অংশের নিয়মিত উপস্থিতি নজরে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। গোপনে অনুসন্ধানের পর মদের কারবার ও আগ্নেয়াস্ত্র দিয়ে বন্যপ্রাণী শিকারের তথ্যের সত্যতা মেলে।
চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, সোমবার রাতে প্রক্টর স্যার, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুপারভাইজার নুরুদ্দীন ও মহিউদ্দিনসহ সাত-আটজনের একটি দল অভিযান চালিয়ে সুমন চাকমা এবং তার সাথে থাকা এক নারীকে আটক করেন।