লেবাননে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল
ইসরাইলের হামলা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ
Printed Edition
আলজাজিরা
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন গতকাল শুক্রবার বৈরুতের পূর্বাঞ্চলীয় বাবদা প্রেসিডেন্ট প্রাসাদে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছেন। বৈঠকে তিনি ইসরাইলের সাম্প্রতিক হামলা ও উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান। আউন বলেন, ইসরাইল প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং দক্ষিণ লেবাননের কিছু এলাকায় এখনো দখল বজায় রেখেছে। তিনি প্রতিনিধিদলকে উদ্দেশ করে বলেন, ‘আমরা আপনাদের পক্ষ থেকে চাপ আশা করছি।’
জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বৈঠকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়েও আলোচনা হয়েছে। এর এক দিন আগে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়, যা স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রতিনিধি দলটি পরে দক্ষিণাঞ্চল সফর করে এবং সেখানে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের কার্যক্রম পর্যবেক্ষণ করে।
প্রতিনিধি দলের সদস্যরা লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরির সাথেও সাক্ষাৎ করেন। তারা লেবাননের স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং লেবানন সেনাবাহিনীকে সহায়তা করার আশ্বাস দেন। বেরি বলেন, ইসরাইলের আগ্রাসন বন্ধ না হলে সীমান্ত পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে।
লেবাননের প্রেসিডেন্ট আউন বৃহস্পতিবারই জানিয়েছিলেন, তিনি প্রতিনিধিদলকে ইসরাইলের সাথে আলোচনায় সহায়তা করার আহ্বান জানাবেন। এর আগে লেবানন ও ইসরাইলের বেসামরিক প্রতিনিধিরা কয়েক দশক পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেন, যা এক বছর আগে গঠিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হয়।
ইসরাইলের সাম্প্রতিক হামলা লেবাননের দক্ষিণাঞ্চলে মানবিক সঙ্কটকে আরো তীব্র করেছে। জাতিসঙ্ঘের প্রতিনিধিদল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।