নদীপথে চাঁদাবাজির অভিযোগ, তাহিরপুরে নৌ ধর্মঘট আজ
Printed Edition
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার কয়েকটি নদীতে ঘাটের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ তুলে আজ ২৮ জুলাই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের নৌ পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন নৌযান মালিক ও শ্রমিকেরা। গত রোববার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর কুড়েরপাড় এলাকায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, যাদুকাটা, রক্তি, পাটলাই ও জামালগঞ্জের সুরমা নদীতে বিআইডব্লিউটিএ, টোল ট্যাক্স ও খাস কালেকশনের নামে নৌযান মাঝনদীতে আটকে ঘাটে ভিড়তে বাধ্য করা হয়। পরে ইজারাদারের লোকজন নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করেন। অথচ এসব স্থানে বৈধ ঘাটের কোনো অস্তিত্ব নেই বলেও দাবি তাদের। নৌযান মালিক ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘ দিন ধরে এ বিষয়ে সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দেয়া, মানববন্ধন ও ধর্মঘট কর্মসূচি পালন করলেও সমস্যার সমাধান হয়নি।
ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল মিয়া বলেন, জামালগঞ্জ উপজেলার লালপুর এলাকায় সুরমা নদীতে বালু ও পাথর পরিবহনে প্রতি ঘনফুটে দুই টাকা ৮০ পয়সা করে বিআইডব্লিউটিএর নামে টোল আদায় করা হচ্ছে, যা দেশের অন্য কোথাও নেই। যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতেও একই ধরনের অভিযোগ রয়েছে। এসব বন্ধ না হওয়ায় আবারো ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ব্যবসায়ী নূর উদ্দিন বলেন, বিভিন্ন পর্যায়ে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান মানিক বলেন, বিআইডব্লিউটিএ-সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রশাসনের করণীয় সীমিত। তবে খাস কালেকশন ও টোল আদায়ে নির্ধারিত হার অনুসরণ এবং সাইনবোর্ড টানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।