জামায়াতের বিবৃতি

এলপিজির কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, বর্তমানে দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে সাধারণ জনগণকে দুর্ভোগে ফেলছে। এ ধরনের অমানবিক ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এলপিজির কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি ও বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, অবিলম্বে এলপিজি বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং যারা কৃত্রিম সঙ্কট সৃষ্টি, মজুদদারি ও অসাধু ব্যবসায় জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। জনগণের ন্যায্য অধিকার রায় সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাজার মনিটরিং জোরদার করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের সঙ্কট বারবার ফিরে আসবে।

তিনি দেশের সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থবিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সালালাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একটি পরিবারের চার সদস্য মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এক বিবৃতিতে তিনি নিহতদের রূহের মাগফিরাত এবং আহত শিশুসহ অন্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আরো কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি। এ শোকের মুহূর্তে আমি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।