ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে : তারেক

Printed Edition
first-3
রাজধানীর খামার বাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে’ বলে মন্তব্য করেছেন তারেক রহমান। গতকাল বুধবার বিকেলে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করতে হবে এর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। নো কমপ্রোমাইজ।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তারেক বলেন, ‘আপনার দল আপনার সামনে যে স্ট্রেইটকাট প্ল্যান উপস্থাপন করল- দেখান তো আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আছে এ রকম প্ল্যানিং দিয়েছে। ইয়েস কোনো রাজনৈতিক দল এ রকম প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো পরিকল্পনা দিতে পারে নাই যে, দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’ তিনি বলেন, ‘একমাত্র আপনার দল বিএনপি এই প্ল্যান দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই। আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটেল।’ কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, মানুষের জন্য। কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ আমার, ‘শেষ বাংলাদেশ আমার। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ, এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের।’

তিনি বলেন, ‘দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনা পরিকল্পনাতেই রয়ে গেছে। আমরা আমাদের প্ল্যানিংকে বাস্তবায়ন করতে চাই।’

জনগণকে সাথে নিয়ে যেমন আমরা আন্দোলন করেছি, জনগণকে সাথে নিয়ে আমরা এই প্ল্যানিং বাস্তবায়ন করতে চাই। আমরা এই কাজটা শুরু করব, পরবর্তী জেনারেশন সেটা কনটিনিউ করবে। এটার শেষ নাই।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। গতকাল যুব দল ও কৃষক দলের নেতারা এই অনুষ্ঠানে যোগ দেন।

দলে পরিকল্পনা ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে পৌঁছিয়ে দিতে হবে এমন নির্দেশনা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে, জনগণকে বুঝাতে হবে এই কঠিন কাজটি করতে হবে। এর কোনো বিকল্প নাই।’ আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সজাগ না হই, আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি, এই দেশ ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, ‘এই দেশকে প্রত্যেকটিবার আপনার দল বিএনপি রক্ষা করেছে। ইতিহাস ঘাটুন তাহলে দেখবেন প্রত্যেকটিবার রক্ষা করছে শহীদ জিয়া, খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তার আগে দেশের কী অবস্থা হয়েছে?’ এখন শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁদে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে। প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে মানুষের কাছে যেতে হবে, দোরগোড়ায় যেতে হবে তাহলেই আমাদের পক্ষে সম্ভব। আসুন এই যুদ্ধ আমরা শুরু করি।

ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফার্মাস কার্ড, পরিবেশ রক্ষা, বেকার সমস্যার সমাধান, শিক্ষার উন্নয়ন প্রভৃতি বিষয়ে দলের অগ্রাধিকার পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে তার রূপরেখা যুব দল ও কৃষক দলের নেতাদের সামনে তুলে ধরেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় বিএনপির নেতারা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।