বগুড়া-৬ উপনির্বাচন ৯ এপ্রিল
বিএনপির রেজাউল করিম জামায়াতের আবিদুর রহমান প্রার্থী
Printed Edition
বগুড়া অফিস
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি মনোনয়ন দিয়েছে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশাকে। অন্য দিকে জামায়াত মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলকে। আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
গত বৃহস্পতিবার দলের মহাসচিব স্বাক্ষরিত মনোনয়নপত্র পাওয়ার পর শুক্রবার সকালে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরে বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রেজাউল করিম বাদশা। সাংবাদিকদের তিনি বলেন, ‘গত ১৭ বছরে বগুড়ায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে উন্নয়ন ত্বরান্বিত করব।’
অন্য দিকে শুক্রবার সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে জামায়াত তাদের প্রার্থিতা ঘোষণা করে। শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়েছে এবং শনিবার (গতকাল) মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত সদস্য পদত্যাগ করায় নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বগুড়া-৬ আসনে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ১৯টি ওয়ার্ড রয়েছে। মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২২ হাজার ৭৯৬, নারী দুই লাখ ৩১ হাজার ২৩৭ এবং হিজড়া ১০ জন। মোট ভোটকেন্দ্র ১৫০টি এবং ভোটকক্ষ ৮৩৫টি। পোস্টাল ভোটার রয়েছেন তিন হাজার ৭৩৪ জন।