হাদিকে গুলিবর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে : ঢাবি সাদা দল

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল শুক্রবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি জানান তারা।

বিবৃতিতে নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর বর্বরোচিত গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এর পেছনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখার দাবি রাখে।

তারা বলেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা পুরানা পল্টনের কালভার্ট রোডে গণতন্ত্রকামী রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে লক্ষ্য করে যে ন্যক্কারজনক গুলিবর্ষণ করা হয়েছে, সাদা দল মনে করে তা মুক্তমত ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ প্রমাণ করে যে, দেশে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে।

ঢাবি সাদা দলের নেতারা বলেন, এই হামলা শুধু ওসমান হাদির ওপর নয়, বরং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারের ওপরও চরম আঘাত। দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়।

এমন অবস্থায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, এই হামলার পেছনের মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত অপরাধীদের অতি দ্রুত চিহ্নিত করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একই সাথে সরকার অবিলম্বে সর্বস্তরের রাজনৈতিক ও ভিন্নমতাবলম্বী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল বিশ্বাস করে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চার পথকে রুদ্ধ করার কোনো অপচেষ্টা সফল হবে না। আমরা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।