চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইসকন সদস্য গণেশ দাশকে (১৯) গ্রেফতার করেছে র্যাব । সে নগরীর কোতোয়ালি থানার সেবক কলোনির শরিফ দাশের ছেলে।
শনিবার রাতে কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় জেলা পরিষদ সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের নামঞ্জুরকে কেন্দ্র করে ইসকন সদস্যরা আদালত এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। তারা পুলিশের ওপর হামলা ও মসজিদ ভাঙচুর করে। এ সময় সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ইসকনের সদস্যরা। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে তৎকালীন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ২০২৫ সালের ১ জুন চার্জশিট দাখিল করেন। এতে মোট ৩৮ জনকে আসামি করা হয়েছিল। পরে আদালতে চার্জশিট গ্রহণের শুনানি শেষে ৩৯ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শুরু হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, গণেশের অবস্থান গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।