ড্রোন অনুপ্রবেশে সিউলের ব্যাখ্যা চাইলেন কিম জং উনের বোন
Printed Edition
এএফপি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইও জং সাম্প্রতিক ড্রোন কর্মকাণ্ডের বিষয়ে সিউলকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোন নিশ্চিতভাবে উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।
উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-বিভাগীয় পরিচালক কিম ইও জং এই মন্তব্য করেন। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক পিয়ংইয়ংয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, দু’টি পৃথক ড্রোন ঘটনার জন্য দক্ষিণের সেনাবাহিনী দায়ী নয়।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে কিম বলেন, ‘সৌভাগ্যবশত দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা এটি করেনি এবং আমাদের উসকানি দেয়া বা বিরক্ত করার কোনো অভিপ্রায় তাদের নেই।’
তিনি আরো বলেন, ‘তবে আমাদের প্রজাতন্ত্রের দক্ষিণ সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোনের প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।’ অভিযোগ অস্বীকার করে দক্ষিণ কোরিয়া উসকানি না দেয়ার যে ঘোষণা দিয়েছে, তাকে ‘চতুর পছন্দ’ হিসেবে উল্লেখ করে ব্যক্তিগত সন্তুষ্টি প্রকাশ করেন কিম।