সিইসির কাছে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ
নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
Printed Edition
বিশেষ সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা নিজের, এলাকার কর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদপে এবং নিজের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া আরো একজন সম্ভাব্য প্রার্থীও ইসিতে এসেছিলেন নিরাপত্তা চাইতে।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সাথে দেখা করে লিখিত অভিযোগ দেন কাজী রেহা কবির সিগমা। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং আবদুর রহমান মাছউদের সাথেও দেখা করেন। আর অপর সম্ভাব্যপ্রার্থী একজন কমিশনার ও সচিবের সাথে দেখা করেন বলে জানান।
সিইসিকে দেয়া লিখিত অভিযোগে কাজী রেহা কবির সিগমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন পপাতমুক্ত, সুষ্ঠু ও সবার জন্য নির্বিঘœ করার বর্তমান অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসনের অঙ্গীকার রয়েছে। কিন্তু এসব প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অবিলম্বে জড়িত এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আবেদন করছি।
কাজী রেহা কবির সিগমা বলেন, ইতোমধ্যে ব্যাপক সমর্থন পেয়েছি। গণসংযোগের কাজে অনেক কর্মী/সমর্থক তৎপর হয়েছেন। কিন্তু আমার গণসংযোগের কাজে ত্রাস সৃষ্টি করে আমার কাজ দুরূহ করার কল্পে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুলিশ ন্যক্কারজনকভাবে তৎপর হয়েছে। তিনি সিইসিকে জানান, ১৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টায় তার এক নিরপরাধ কর্মীকে গ্রেফতার করে ভুয়া মামলায় কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আমার কর্মীদের আতঙ্কগ্রস্ত করা হয়েছে, যার ফলে নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এ ব্যাপারে ইসি সচিব আখতার আহমেদের সাথে কথা হলে তিনি জানান, একজন সম্ভাব্য প্রার্থী তার সাথে দেখা করে বলেছেন, তিনি তার এলাকায় পুলিশের কারণে ঢুকতে পারছেন না। পুলিশ তাকে সমস্যা করছে। তিনি তাকে জানিয়েছেন বিষয়টি আইজিপিকে জানাবেন।