তিন জেলায় নিহত ২ আহত ১৪
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় তিন জেলায় এক শ্রমিকসহ দুইজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে ইট বোঝাই ট্রলি উল্টে খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তানভীর ইসলাম (১৮) নামের ইট ভাটার এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের গোয়ালকান্দা এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়ার দিকে যাওয়ার পথে ইট বোঝাই ট্রলিটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্লাস্ট) হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রলিটি সড়কের বাম পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রলির হেলপার শ্রমিক তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে নিহত হন।
দুর্ঘটনার পর ট্রলির চালক মো: শাকিল এবং অপর এক শ্রমিক পালিয়ে যান। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শনিবার রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের ওজোন স্টেশনের মুখে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মাওয়ামুখী একটি ছোট কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিনবাহী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল এসে আহতদের উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ীর ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গোলাবাড়ী ব্রিজের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে একটি পিকাপ ভ্যান মধুপুরের দিক থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ব্যাটারি চালিত দু’টি অটো রিকশার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় দুই অটোতে থাকা চালকসহ ৯ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের কে মধুপুর ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।