চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকার প্রস্তুত আছে : পররাষ্ট্র উপদেষ্টা

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, চিকিৎসকরা চাইলে বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়া হবে। তবে বিদেশ নেয়ার বিষয়টি সরকার নয়, নিশ্চিত করবে বেগম জিয়ার আত্মীয়স্বজন ও তার দলের নেতারা।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এ সব কথা জানান।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশে আসতে চাওয়া নিয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারেক রহমান চাইলেই তার জন্য ট্রাভেল পাস ইস্যু করবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। তবে আমার জানা মতে, উনি এখনো ট্রাভেল পাস চাননি।

তারেক রহমানের কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা আমি বলতে পারব না।

এর আগে গত রোববার বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) সদস্যদের সাথে আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমানের দেশে ফিরতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। উনার পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আমাদের লন্ডন মিশন থেকে ওয়ান টাইম ট্রাভেল পাস ইস্যু করা হবে। আর এটা একদিনেই সম্ভব। ট্রাভেল পাস নিয়ে উনি দেশে ফিরতে পারবেন। অন্য দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো অবস্থায় নেই। উনার চিকিৎসরা চাইলে এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা দেবে।