প্রাণনাশের হুমকির প্রতিবাদে খুলনায় জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন

Printed Edition
3rd-5
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী : নয়া দিগন্ত

খুলনা ব্যুরো

আলোচিত খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এসব ঘটনার জন্য দায়ী শিপন বসুকে ‘ব্লাকমেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ’ আখ্যা দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। লিখিত বক্তব্যে কৃষ্ণ নন্দী জানান, ভারতে অবস্থানরত ‘ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল’ নামের সংগঠনের প্রতিষ্ঠাতা শিপন কুমার বসু তার ব্যক্তিগত মোবাইলে বারবার ফোন করে অকথ্য ভাষায় গালাগাল, জীবননাশের হুমকি এবং ধর্মীয় অনুভূতিকে উসকে দেয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘হিন্দু হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেয়ায় তিনি প্রশ্ন তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার চালাচ্ছেন। এআই প্রযুক্তি ব্যবহার করে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

তিনি জানান, গত ১ ডিসেম্বর খুলনা বিভাগের দলীয় সম্মেলনে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান তাকে খুলনা-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এই ঘোষণা প্রমাণ করে জামায়াতে ইসলামী একটি অসাম্প্রদায়িক দল- যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও উপজাতি কোনো ভেদাভেদ নেই বলে উল্লেখ করেন তিনি।

কৃষ্ণ নন্দীর দাবি, তার মনোনয়ন ঘোষণার পর থেকেই একটি চক্র তার চরিত্রহনন ও রাজনৈতিক অবস্থান দুর্বল করতে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, ‘আমাকে প্রার্থী ঘোষণার পর সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি উল্লেখযোগ্য সাড়া তৈরি হয়েছে।’ তিনি জানান, এ আসনের সাবেক প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ মনোনয়ন পরিবর্তনের পরও তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং যৌথভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, বটিয়াঘাটা উপজেলা নায়েবে আমির মাওলানা আশরাফ আলী, ডুমুরিয়া উপজেলা সনাতনী কমিটির সভাপতি হরিদাস মণ্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডল এবং ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদ।