সোনালি ধানে কালো রঙের চাল
ভিটামিন ‘ই’ সমৃদ্ধ ধান ১১৫ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে
Printed Edition
গাজীপুর জেলা প্রতিনিধি
সোনালি ধানে কালো রঙের চাল ব্যতিক্রম ধরনের বহু ওষুধিগুণ সম্পন্ন প্রস্তাবিত এই নতুন জাত ব্রি ধান-১১৫ মানবদেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এ ছাড়াও ধানটি ডায়বেটিস রোগীবান্ধব বলে জানা গেছে । জাতটি শীঘ্রই অবমুক্ত করা হবে বলে ব্রি সূত্রে জানা গেছে।
ব্রি’র পরিচালক (গবেষণা) ও ল্যাবরেটরি চিফ ড. মো: রফিকুল ইসলাম জানিয়েছেন, আমাদের দেশের বোরো মৌসুমে চাষযোগ্য এই ধানের গাছ , ধানের রঙ সোনালি কিন্তু চাল কালো রঙের। চালটি ভিটামিন ‘ই’ বা টোকোফেরল যুক্ত। ভিটামিন ‘ই’ বা টোকোফেরল হলো চর্বিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষকে মুক্ত র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ধমনীতে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়; ত্বকের স্বাস্থ্য, কোষ পুনরুদ্ধার এবং চুলের উন্নতিতে সহায়তা করে, এবং স্নায়ু ও পেশীর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে।
তিনি আরো জানান, ভিটামিন ‘ই’ এর ঘাটতিতে মানুষের শরীরে পেশী দুর্বলতা, দৃষ্টি সমস্যা, অসাড়তা এবং ক্লান্তি দেখা দিতে পারে। এই সমস্যা সমাধানে ব্রি শিগগিরই নিয়ে আসছে ভিটামিন ‘ই’ বা টোকোফেরলযুক্ত ধানের জাত ব্রি ধান ১১৫। এ ধানে ভিটামিন ‘ই’ এর পরিমাণ ১৫ মি.গ্রা./কেজি। জাতটির জীবনকাল : ১৪০ দিন (বোরো) , গাছের উচ্চতা : ১০৭ সেমি, অ্যামাইলোজ : ২৩% চালের আকৃতি : মধ্যম সরু দানা, ফলন : ৭.৪ টন/হে., তবে উপযুক্ত ব্যবস্থাপনায় ৮.৬ টন/হে. পর্যন্ত হতে পারে।