উইন্ডিজ-ভারত : লক্ষ্য শুধুই জয়
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপের মঞ্চে যখন দুই দুবারের শিরোপাজয়ী মুখোমুখি, তখন উত্তেজনার পারদ ওঠবেই। সেমিফাইনালের টিকিট এখন ঝুলছে সুতার ওপর। যে জিতবে, সেই উঠবে শেষ চারে। এমন সমীকরণ নিয়েই মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাস, ঐতিহ্য আর বর্তমান ফর্ম সব মিলিয়ে এটি হতে যাচ্ছে এক মহারণ। দু’টি দলই দুবার করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব বয়ে বেড়ায়। তবে এবার একটু বাড়তি চাপ ভারতের কাঁধে। কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে নতুন উদ্যমে। অন্য দিকে ক্যারিবীয় শক্তি ওয়েস্ট ইন্ডিজ চাইবে নিজেদের হারানো আধিপত্য আবারো প্রতিষ্ঠা করতে। তাদের ক্রিকেট রক্তে আগুন, বড় মঞ্চে জ্বলে ওঠার ঐতিহ্য বহুদিনের।
যারা জিতবে তারাই উঠবে সেমিফাইনালে। যেখানে নেই কোনো সমীকরণ। পরাজিত দলটি বিদায় নিবে বৈশ্বিক এই আসর থেকে। সেমিফাইনালে উঠার লড়াইয়ে টি-২০ বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দু’বার করে শিরোপা ঘরে তোলা ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে উভয়দল। এখন পর্যন্ত টি-২০তে ৩০ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ১৯ জয় নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে এগিয়ে ভারত। ১০ জয় ক্যারিবীয়দের। একটি ম্যাচ পরিত্যক্তও হয়েছে।
‘সি’ গ্রুপে চার ম্যাচের সব ক’টিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের বড় জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করে ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারে। তাতে দুই ম্যাচে ২ পয়েন্ট আছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।
ওয়েস্ট ইন্ডিজের মতো গ্রুপ পর্বে চার ম্যাচের সব ক’টিতে জিতে ভারতও। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে যায় সূর্যকুমার যাদবের দল। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের বড় জয় পায় ভারত। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে ফিরে আসে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের মত সুপার এইটে দুই ম্যাচে ২ পয়েন্ট আছে ২০০৭ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারতেরও।
দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ‘সি’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাই এই গ্রুপ থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে সেমিতে খেলার সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে জিতলেই মিলবে সেমিফাইনালের টিকিট। ভারতকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ, ‘এটা নিশ্চিত যে, কিছু সহজে আসবে না। আমরা জানি, ভারতের বিপক্ষে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। আরো বেশি গুরুত্বপূর্ণ এমন ম্যাচে সেরা পারফরম্যান্স করা। ভাগ্যেরও সহায়তা প্রয়োজন।’
বর্তমান চ্যাম্পিয়ন ভারতের শিরোপা ধরে রাখার মিশন। সেটির প্রথম ধাপে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে খেলতে ঐক্যবদ্ধ ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ইঙ্গিত দিলেন দলের অধিনায়ক সূর্যকুমার, ‘আমাদের সামনে এখন একটাই লক্ষ্য- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা এবং সেমিফাইনাল নিশ্চিত করা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সতীর্থদের আবারো জ্বলে উঠতে হবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। সকলের বিশ্বাস রয়েছে, সেমিফাইনাল নিশ্চিত করেই আমরা মাঠ ছাড়তে পারব। বলাটা সহজ হলেও একটু চিন্তা ভাবনা পরিকল্পনা প্রতিপক্ষকে নিয়ে তো করতেই হয়।’