অস্ট্রেলিয়া-ভারতের সাথে কঠিন গ্রুপে বাংলাদেশ
নারী টি-২০ বিশ্বকাপ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
২০২৬ সালের আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনে বাছাইপর্বের গণ্ডি পেরিয়ে আসতে হয়েছে বাংলাদেশকে। মালয়েশিয়ায় শেষ হওয়া বাছাইপর্বের ছয় ম্যাচের ছয়টি জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকিট কেটেছে টাইগ্রেসরা। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে সংক্ষিপ্ত ভার্সনের এই বিশ্বকাপ। ৫ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। আসরকে সামনে রেখে গতকাল পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আইসিসি। আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়ার সাথে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।
নেপালে শেষ হওয়া বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। বাছাইপর্বে অপরাজিত থাকায় গ্রুপ-১-এ খেলবে টাইগ্রেসরা। এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪ জুন প্রথম ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। হেডিংলিতে দ্বিতীয় ম্যাচে ১৭ জুন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। হ্যাম্পশায়ারে ২০ জুন পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে। আর গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ২৮ জুন লর্ডসে। দক্ষিণ আফ্রিকাকে শেষ ম্যাচে মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল।
এই টুর্নামেন্ট দিয়েই প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা হবে বাংলাদেশ নারী দলের। ইংল্যান্ডে খেলতে তর সইছে না অধিনায়ক নিগার সুলতানার। আইসিসিকে তিনি বলেন, ‘আমরা আগে কখনো ইংল্যান্ডে খেলিনি, তাই একটু রোমাঞ্চিত। তবে জানি, বড় একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এত বড় আসরে মাঠে নামার জন্য আমাদের তর সইছে না। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেবো, সেরা ক্রিকেট খেলব ও দেশের জন্য ম্যাচ জিতব।’
১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে টি-২০ বিশ্বকাপ। গ্রুপ-২-এ রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ দু’টি করে চারটি দল খেলবে সেমিফাইনাল। এজবাস্টনে ১২ জুন ইংল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে প্রতিযোগিতার উঠবে। লর্ডসে অস্ট্রেলিয়া-ভারত মধ্যকার ম্যাচটি গ্রুপ-পর্বের শেষ ম্যাচ। শেষ চারের লড়াই দু’টি হবে ৩০ জুন ও ২ জুলাই ওভালে। ৫ জুলাই লর্ডসে হবে ফাইনাল।
গ্রুপ পর্বেই দেখা যাবে হাইভোল্টেজ ‘হোম নেশনস’ লড়াই। ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ড মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ইংল্যান্ডের মাটিতে পুরুষ বা মহিলা বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হবে দু’টি দল।
ডাচ অধিনায়ক ব্যাবেট ডি লিডে বলেন, ‘আমাদের প্রথম আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন। এটি আমাদের গর্ব ও উত্তেজনার এক অবিশ্বাস্য অনুভূতি। এটি অতিরিক্ত বিশেষ অনুভূতি কারণ, অনেক দিক থেকে, এটি আমাদের জন্য প্রায় ‘ঘরোয়া’ বিশ্বকাপ। আমরা আমাদের পরিবার, বন্ধুবান্ধব, ভক্ত ও বছরের পর বছর ধরে ডাচ মহিলা ক্রিকেটকে সমর্থনকারী সবার সাথে স্ট্যান্ডে কমলা রঙের সমুদ্র দেখতে আশা করছি।’