সময়মতো অফিসে না থাকায় সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কোনো কর্মকর্তা ও কর্মচারীকে না পাওয়ার ঘটনায় অফিসের তিন কর্মকর্তাকে শাস্তি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। ওই তিন কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো: নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো: ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী।

নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায় অফিসে সেবাগ্রহীতা কয়েকজন বসে আছেন। কর্মকর্তারা অন্যত্র বদলি হওয়ায় অফিস ফাঁকা। এসিল্যান্ড অফিসের নাজির মো: জান্নাতুল অফিসে বসে আছেন নতুন যেসব কর্মকর্তা যোগদান করবেন তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।