এবার বসুন্ধরার কাছে হার মোহামেডানের

Printed Edition
khela-1
মোহামেডানকে হারানোর পর বসুন্ধরা কিংস খেলোয়াড়দের উল্লাস : বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

  • বসুন্ধরা ১-০ মোহামেডান
  • আরামবাগ ২-০ ব্রাদার্স
  • রহমতগঞ্জ ০-১ ফর্টিস

এবারের বাংলাদেশ ফুটবল লিগে বড়ই ছন্দহীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এক ম্যাচে জয়ের দেখা পায় তো পরের ম্যাচেই খেই হারিয়ে ফেলে। এই ধারাবাহিকতা হীনতার কারণেই দলটি নেই পয়েন্ট তালিকার সেরা অবস্থানে। লিগে নিজেদের শেষ করা ছয় ম্যাচের তিনটিতেই হেরেছে দর্শকপ্রিয় ক্লাবটি। গতকাল চলমান লিগে তৃতীয় হারের তেতো স্বাদ নিতে হলো সাদা-কালো শিবিরকে। আর তাদের ২-০ গোলে হারিয়ে লিগ রেসের শ্রেষ্ঠত্ব ধরে রাখার ক্ষেত্রে আরো এগিয়ে গেল বসুন্ধরা কিংস। ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডরিয়েলটনের গোলে এই জয় তাদের। কাল অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সঙ্ঘের কাছে ০-২ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। আর ফর্টিস এফসি ১-০ গোলে জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডসের বিপক্ষে।

কিংস এরিনায় লিগের এই ম্যাচে মোহামেডান ও বসুন্ধরা কিংস উভয় দলই গোল মিসের মহড়া দিয়েছে। যেহেতু হার মোহামেডানের তাই তাদের মিসগুলোই এখন বেশি করে চোখে লাগছে। আলফাজ আহমেদের দল এবারের লিগে এর আগে ফর্টিস এবং ইয়ংম্যান্সের কাছে হেরেছিল। মাঝে তারা ঢাকা আবাহনী ও পিডব্লিউডির বিপক্ষে জয়ের দেখা পায়। অন্য দিকে বসুন্ধরা কিংস এখনো লিগে অপরাজিত। পিডব্লিউডির সাথে ড্র দিয়ে তাদের শুরু হলেও এরপর আর পেছনে ফিরে দেখা নয়। টানা পাঁচ জয়। ফর্টিস এফসিকে ২-১, আরামবাগকে ২-০, রহমতগঞ্জকে ৫-০, ব্রাদার্সকে ৫-১ এবং কাল মোহামেডানের বিপক্ষে ২-০তে জয়। এতে ছয় খেলায় ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফর্টিস। মোহামেডান ৭ পয়েন্টে আটকা।

মোহামেডান এই ম্যাচ শেষ করেছে ১০ জন নিয়ে। তাদের উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ মুখে আঘাত করেন প্রতিপক্ষের মিডফিল্ডার সোহেল রানাকে। এতে রেফারি আলমগীর সরকার লাল কার্ড দেখান মোজাফফরভকে। ঘটনাটি ৯৪ মিনিটের সময়। লাল কার্ড পেয়ে এই মধ্য এশিয়ান খেলোয়াড় আরো উগ্র আচরণ করেন। যদিও অন্যরা ধরে তাকে মাঠ থেকে বের করে দেন।

ম্যাচের ১৫ মিনিটে গোল পায় বসুন্ধরা কিংস। বাম দিক থেকে আসা ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়ানো রাকিব হোসেন ডান পায়ে ভলি নেন। সেই বল মোহামেডান কিপার সুজন হোসেনের প্রতিরোধ ভেঙে জালে আশ্রয় নেয়। এরপর বসুন্ধরা কিংসের একটি প্রচেষ্টা ক্রসবারে প্রতিহত হয়। দু’টি গোল চেষ্টা বার উঁচিয়ে যায়। গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি মোহামেডানও। এই অবস্থায় খেলা যখন ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে গড়ায় তখনই টেনশন মুক্তির গোল বসুন্ধরা কিংসের। লব থেকে বল পেয়ে গায়ে গায়ে লেগে থাকা মোহামেডান অধিনায়ক মেহেদী হাসান মিঠুকে পেছনে ফেলে গোলরক্ষককে কাটিয়ে গোল করেন ব্রাজিলের ডরিয়েলটন।

আগের ম্যাচে আবাহনীকে হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। কাল সেই ব্রাদার্সকে হারিয়ে লিগের প্রথম জয়ের দেখা পেয়েছে আরামবাগ ক্রীড়া সঙ্ঘ। মানিকগঞ্জের মাঠে রাহাত মিয়ার জোড়া গোলে তাদের এই জয়। ৩২ ও ৪৫ মিনিটে তার এই দুই গোল।

মুন্সীগঞ্জে ফর্টিস এফসি ইনজুরি টাইমের গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। ৯৩ মিনিটে গোলটি করেন ওনিয়াকাচি ওকাফোর।