কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্রেফতার ৪

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রামে অবস্থিত একটি চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ ঘটনায় কারখানার চার শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিজিডিসিএলের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া চৌদ্দগ্রাম মডেল থানায় কারখানার মালিক ও শ্রমিকসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত শ্রমিকরা হলেন ফারদুল মিয়া (৪০), আসাদুল ইসলাম (৩৮), লিবলু মিয়া (২৮) ও রুবেল মিয়া (৩০)। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজিডিসিএল ভিজিল্যান্স ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ভিজিল্যান্স, ইএস, বিক্রয় ও সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের যৌথ অভিযানে অবৈধ সংযোগের বিষয়টি ধরা পড়ে। অভিযানে দেখা যায়, ফেনী-চৌদ্দগ্রামগামী ৮ ইঞ্চি ব্যাসের বিতরণ লাইন থেকে বিপজ্জনকভাবে ২ ইঞ্চি সার্ভিস লাইনের মাধ্যমে প্রায় এক হাজার ৫০০ ফুট দূরের চুন কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছিল। সেখানে দু’টি বড় ফার্নেসে ১২টি ফোকাস বার্নারের মাধ্যমে গ্যাস ব্যবহার করা হচ্ছিল।

অভিযানে অবৈধ কাজে ব্যবহৃত ২ ইঞ্চি ব্যাসের প্রায় ৩০০ ফুট হোজ পাইপ, ১২টি ফোকাস বার্নার ও কানেক্টর জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি আবু মাহমুদ কাউসার হোসেন জানান, মামলার পর চার শ্রমিককে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।.