জনসেবা ও প্রশাসনিক সংস্কারে মিঠাপুকুর ইউএনওর দৃষ্টান্ত স্থাপন
Printed Edition
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: পারভেজ যোগদানের পর থেকে প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারি-বেসরকারি দফতরের কাজে জনভোগান্তি হ্রাস ও সেবার মানোন্নয়নে তার গৃহীত কার্যক্রম স্থানীয় মহলে আলোচিত হচ্ছে।
ইউএনও মো: পারভেজ নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করছেন এবং অনেক ক্ষেত্রে নিজেই পাঠদান করছেন। এ ছাড়া সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান প্রক্রিয়া তদারকি করছেন। বাল্যবিবাহ প্রতিরোধ ও ইভটিজিং নির্মূলেও তিনি কঠোর অবস্থান নিয়েছেন।
যমুনেশ্বরী, ঘাঘট ও আখিরা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং ফসলিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে তিনি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ থেকে অবৈধ দখলদার উচ্ছেদ ও মাঠ সংরক্ষণে তার তৎপরতা দৃশ্যমান।
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ৫১টি ওয়ার্ডে ৫৪ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। বিএডিসির সেচ লাইসেন্স প্রদানে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে কেবল সরকারি ফিতে লাইসেন্স প্রদান নিশ্চিত করেছেন তিনি। এ ছাড়া ইউনিয়ন পরিষদগুলোতে জন্মনিবন্ধনসংক্রান্ত কাজে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং দ্রুত সংশোধনীর ব্যবস্থা নিয়েছেন।
উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং ভূমিহীনদের জন্য সরকারি ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়নে তিনি সরাসরি মাঠপর্যায়ে তদারকি করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার ১৫৭টি ভোট কেন্দ্র পরিদর্শন করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। সাধারণ মানুষের অভিযোগ নিষ্পত্তিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি সাক্ষাতের ওপর গুরুত্ব দিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: পারভেজ বলেন, ‘সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের সমস্যা সমাধানে আমি কাজ করে যাচ্ছি। যত দিন এই উপজেলায় কর্মরত আছি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতায় জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে চাই।’