স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে শাহবাগ অবরোধ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জুলাই বিপ্লবের অন্যতম বিপ্লবী শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে টানা সাড়ে তিন ঘণ্টা এই অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় তারা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদির ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, এমন নানা সেøাগানে এলাকা মুখরিত করেন। অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ
জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান অভিযোগ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির সম্পূর্ণ দায় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জননিরাপত্তায় উদ্বুদ্ধ করার পরিবর্তে তিনি ব্যক্তিগত সংযোগ স্থাপনেই বেশি ব্যস্ত। তথাকথিত ‘ডেভিল হান্ট’ ঘোষণা করা হলেও বাস্তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি, বরং বিভিন্ন স্থানে নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে।’
তিনি আরো বলেন, ‘যে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীল পরিবেশ অপরিহার্য, যা এই উপদেষ্টা নিশ্চিত করতে পারেননি।’
কর্মসূচি থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করা হয়। জাহিদ আহসান বলেন, ‘মাত্র চার ঘণ্টায় হাইকোর্টে ৮০০ মামলায় জামিন দেয়ার ঘটনা নজিরবিহীন। এত অল্পসময়ে কিভাবে নথিপত্র যাচাই সম্ভব, তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ রয়েছে।’
তিনি হুঁশিয়ারি দেন, “সন্ত্রাসীদের এমন ঢালাও জামিন দেয়া বন্ধ না হলে এবং বিচার বিভাগের এই ‘উদাসীনতা’ দূর না হলে ভবিষ্যতে আইন উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলা হবে।”
জাহিদ আহসান আরো বলেন, ‘ভারত বন্ধুসুলভ আচরণের পরিবর্তে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে কাজ করছে, যা কোনো দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্রের আচরণ হতে পারে না।’
শাহবাগ ব্লকেড সমাপ্ত ঘোষণা করে জাহিদ আহসান জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর তাদের কোনো কর্মসূচি থাকবে না। ১৭ ডিসেম্বরের কর্মসূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
সংগঠনটির নেতা আবু বাকের মজুমদার জানান, জনদুর্ভোগ সৃষ্টি তাদের উদ্দেশ্য নয়, বরং ন্যায়বিচার ও জননিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাজপথে নেমেছেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলেও জানান তিনি।