জাগপা ছাত্রলীগের নতুন নাম ‘জাগপা ছাত্র কাফেলা’

Printed Edition

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ছাত্র সংগঠন ‘জাগপা ছাত্রলীগ’ নাম পরিবর্তন করেছে। ১৯৮০ সাল থেকে ব্যবহৃত এ নামের পরিবর্তে এখন থেকে সংগঠনটি ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। গতকাল জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী সংগঠনের এ সিদ্ধান্ত জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।

নাম পরিবর্তনের সিদ্ধান্ত সম্পর্কে আব্দুর রহমান ফারুকী বলেন, জাগপা ছাত্রলীগ ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে প্রতিষ্ঠিত হয় এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ১৯৯০ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ দেশের স্বার্থ ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ‘ছাত্রলীগ’ নামটির প্রতি দেশের মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। জনগণের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি বৈঠকে সংগঠনের নাম থেকে ‘ছাত্রলীগ’ শব্দটি বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে রূপান্তরিত হয়। ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তৎকালীন নেতারা সে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে তারা ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম পরিচালনা করেন এবং ১৯৮০ সালে এর নামকরণ করা হয় ‘জাগপা ছাত্রলীগ’। বিজ্ঞপ্তি।