খুলনায় বিজয় দিবস উদযাপিত
Printed Edition
খুলনা ব্যুরো
খুলনায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সকালে নগরীর বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
এরপর সূর্যোদয়ের সাথে সাথে নগরীর গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ও প্রতিনিধিরা।
সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। এ সময় রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মো: মাহবুবুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে স্টেডিয়ামে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রেস ক্লাব ও এমইউজে খুলনাসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বিআইডব্লিউটিএ রকেট ঘাটে নৌবাহিনীর একটি জাহাজ সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।