ক্যাশলেস সেবা নিশ্চিতে গাজীপুর সিটি করপোরেশন ও এটুআই চুক্তি
Printed Edition
গাজীপুর সিটি করপোরেশনের নাগরিক সেবাকে ডিজিটাল ও ক্যাশলেস করার লক্ষ্যে এসপায়ার টু ইনোভেটের (এটুআই) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এটুআই কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়।
এই চুক্তির ফলে গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দারা এখন থেকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, পানি ও পয়ঃনিষ্কাশন বিলসহ সব ধরনের নাগরিক সেবার ফি এটুআইর সমন্বিত পেমেন্ট গেটওয়ে ‘একপে’ (বশচধু)-এর মাধ্যমে যেকোনো স্থান থেকে পরিশোধ করতে পারবেন। গ্রাহকরা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি), ডেবিট-ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও ই-ওয়ালেট ব্যবহার করে এই সুবিধা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। তিনি বলেন, নাগরিক ভোগান্তি কমাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিকল্প নেই। একপের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ তৈরি হওয়ায় গাজীপুরবাসীকে আর ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, যা রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।
সভাপতির বক্তব্যে এটুআইর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা: আব্দুর রফিক বলেন, সরকারি সেবা ডিজিটাইজেশনের মাধ্যমে আরো স্বচ্ছ ও সহজ হয়। এটুআই সবসময় নাগরিক সেবাকে আধুনিক ও জনবান্ধব করতে আগ্রহী। গাজীপুরবাসীর দোরগোড়ায় ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এটুআইর যুগ্ম প্রকল্প পরিচালক মো: রশিদুল মান্নাফ কবীর। স্বাগত বক্তব্য রাখেন হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। এ ছাড়া অনুষ্ঠানে এটুআই এবং গাজীপুর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।