থাইল্যান্ডে জ্বালানি সঙ্কটের জন্য তেল ব্যবসায়ীদের দোষারোপ
Printed Edition
এএফপি
জ্বালানি সঙ্কট ও মূল্যবৃদ্ধির জন্য তেল ব্যবসায়ীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চারভিরাকুল। তিনি অভিযোগ করেছেন, অতিরিক্ত মুনাফার আশায় জ্বালানি মজুদ ও পাচার করাই এই সঙ্কটের প্রধান কারণ।
গতকাল শুক্রবার দেয়া এক বক্তব্যে তিনি বলেন, কর্তৃপক্ষ জ্বালানি মজুদ ও প্রতিবেশি দেশে পাচারের একাধিক ঘটনা শনাক্ত করেছে, যার ফলে দেশজুড়ে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। এ সমস্যার কারণে সরকারের প্রায় ৫০ বিলিয়ন বাথ (১.৪ বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের সময় তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে এ ধরনের মজুদ ও পাচার অতিরিক্ত মুনাফার শামিল, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা দেশে জ্বালানি ঘাটতির বড় কারণ।
তিনি জানান, স্থল ও সমুদ্রপথে বড় ও মাঝারি তেল ব্যবসায়ীদের মধ্যে মজুদদারি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে জ্বালানি সরবরাহ বিলম্ব করা হয়েছে, যাতে খুচরা মূল্য বাড়ার পর তা বিক্রি করা যায়। আবার কিছু চালান অন্যত্র সরিয়ে মজুদ করা হয়েছে এবং প্রতিবেশী দেশে পাচারের আশঙ্কা রয়েছে। দক্ষিণ থাইল্যান্ডে সমুদ্রপথে পরিবহনের সময় ৫৭ মিলিয়ন লিটারের বেশি জ্বালানির কোনো হদিস মিলছে না। ঘটনাটি বিশেষ মামলা হিসেবে তদন্ত করছে দেশটির বিশেষ তদন্ত বিভাগ।