সেনাবাহিনীর অভিযান

তিন জেলায় অস্ত্র ও গুলি উদ্ধার বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ফেনী, বগুড়া ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় বিএনপি ও যুবদলের দুই নেতাসহ পাঁচজনকে আটক করে তারা।

ফেনী অফিস জানায়, ফেনীতে একটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়িসংলগ্ন যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে সেনাবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, খামার মালিক বদরুল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। দুই দিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে। ফেনী আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার এবং এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর রাতে গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

গজারিয়া আর্মি ক্যাম্প সূত্র জানায়, সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মঙ্গলবার দিবাগত রাতে ফেব্রুয়ারি রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। অভিযানে আকতার ডাকাতের ছেলে ও রিয়াজের বাড়ি থেকে একটি দেশীয় শর্টগান, তিন রাউন্ড গুলি এবং ৯টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া চরাঞ্চল থেকে নয়ন-পিয়াস ডাকাত দলের ব্যবহৃত একটি দ্রুতগামী ট্রলার জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রিয়াজ গুয়াগাছিয়া এলাকার চিহ্নিত নয়ন-পিয়াস ডাকাত চক্রের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে গজারিয়া থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তার বাবা আকতারের বিরুদ্ধেও ২৭টির বেশি ফৌজদারি মামলা আছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, নয়ন-পিয়াস অনুপস্থিত থাকলে আকতারই চক্রটির কার্যক্রম পরিচালনা করতেন।

অভিযানের একপর্যায়ে নয়ন-পিয়াস ডাকাত দলের সন্দেহভাজন সোর্স জামাল হোসেন (৪৪)-কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ বিএনপির স্থানীয় তিনজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন নন্দীগ্রামের তেতুলিয়াগাড়ি এলাকার আব্দুস ছালাম (৩০) ও আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার রুপিহার গ্রামের পারভেজ (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিকেল প্রায় ৪টার দিকে তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। শাজাহানপুর আর্মি ক্যাম্পের একটি দল মেজর মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেন।