ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা
Printed Edition
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। তার নাম নাসিম উদ্দিন (২৪)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানা পুলিশের ওসি মাহমুদ হাসান নাঈম।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে রাইফেল গ্রহণ করেন সিপাহী নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন।
গুলির শব্দ শুনে ক্যাম্পে দায়িত্বরত অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। তার সিপাহী নম্বর ১১৪৬০৪।
ওসি মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।
থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।