সিআইপি হলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল

Printed Edition

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

রফতানি-বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা আয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন) নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। তিনি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪-২৫ অর্থবছরে তাকে সিআইপি মর্যাদায় ভূষিত করে। সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলে নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০২৬ ও ২০২৭- এই দুই বছরের জন্য তিনি এ সম্মাননা পান।

সিআইপি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম রাহী মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই স্বীকৃতি এককভাবে তার নয়; বরং তার প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সততা ও সামাজিক দায়বদ্ধতার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি।

সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মরহুম মোহাম্মদ এনু মিয়া ও মরহুমা আয়শা খাতুনের সন্তান শফিকুল ইসলাম রাহী সংযুক্ত আরব আমিরাতের আজমানে অবস্থিত ‘রাহী ওয়ান ট্রাভেলস’ পরিচালনার মাধ্যমে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন।