নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজে আগ্রহী ব্রিটেন : সারাহ কুক

Printed Edition
back-4
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে তার অফিসকক্ষে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেন : পিআইডি

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা সহযোগিতা বাড়াতে চাই।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার ব্রিটেন-বাংলাদেশ অংশীদারত্বের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের সাথে ব্রিটেনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। দেশের এই নতুন অধ্যায়ে আমরা একসাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী। উভয় দেশ অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতা আরো জোরদার করতে চায়।

বৈঠক সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খলিলুর রহমান নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয়ের ইন্দো-প্যাসিফিকবিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট সীমা মালহোত্রাকে ঢাকা পাঠানোর জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

এ সময় উভয়পক্ষ দুই দেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক, দৃঢ় জনসম্পৃক্ততা ও ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সম্প্রদায়কে নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রবাসী বাংলাদেশীরা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে বলে তারা একমত হন।

এ সময় উভয়পক্ষ শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ব্রিটেনের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি লন্ডনের সমর্থন কামনা করেন।

বাংলাদেশের প্রার্থীর যোগ্যতার বিষয়টিকে ব্রিটেনের পররাষ্ট্র দফতরে যথাযথ গুরুত্বের সাথে তুলে ধরা হবে বলে ব্রিটিশ হাইকমিশনার আশ্বাস দেন।