জুরাইনে পাপ্পু হত্যা মামলায় গ্রেফতার ২

দেশজুড়ে গ্রেফতার ১২০৮

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইনে গুলিতে সিএনজি অটোরিকশা চালক পাপ্পু শেখ (২৬) হত্যা মামলায় মো: ইউসুফ সরদার (৪৫) ও মো: উজ্জ্বল ওরফে কাঞ্চি (৩০) নামে দু’জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল মঙ্গলবার কদমতলীর জুরাইনের আলমবাগ ও শ্যামপুরের জুরাইন রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহত পাপ্পুর বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। গ্রেফতারকৃত আসামি মো: ইউসুফ সরদারের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা এবং উজ্জ্বল ওরফে কাঞ্চির বিরুদ্ধে মাদকের দু’টি মামলা রয়েছে।

র‌্যাব-১০ জানায়, রাজধানীর কদমতলীর জুরাইনের কবি নজরুল লেন কানা জব্বারের গলিতে সোমবার একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশা চালক মো: পাপ্পু শেখের সাথে স্থানীয় মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ ওরফে বাপ্পা (৪০) গ্রুপের সাথে মাদকব্যবসা কেন্দ্র করে বিবাদ তৈরি হলে উক্ত গ্রুপের সদস্যরা তাকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালায়। এ সময় বাপ্পারাজ ওরফে বাপ্পা পরপর তিনটি গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় পাপ্পু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন প্রথমে গুরুতর আহত পাপ্পুকে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে মৃত ঘোষণা করে।

সারা দেশে গ্রেফতার ১১৯৫ : সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ১৯৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৬৭ জন এবং অন্যান্য ঘটনায় ৪২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানিক কার্যক্রমে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় পাইপগান, দু’টি ম্যাগজিন, গুলি তিন রাউন্ড, দু’টি রাউন্ড কার্তুজ, একটি সুইচ গিয়ার চাকু এবং তিনটি দা উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থেকে গ্রেফতার ১৩ : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাদেরকে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলো বুনিয়া সোহেল (৩৫), সানি (২২), জিহাদ (১৯), শাকিল (২২), পারভেজ (২৩), রনি (৩৯), শহিদুল ইসলাম (৪০), আলী হোসেন সানি (২৭), সাব্বির (১৮), সুমন (২৩), সাব্বির (২১), রমজান (২৩) ও আতিকা (১৯)।