আলভী-তিথির বিচার চেয়ে বয়কটের ডাক শিল্পীদের

Printed Edition
3rd-3
আলভী-তিথির বিচার চেয়ে বয়কটের ডাক শিল্পীদের

সাংস্কৃতিক প্রতিবেদক

ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন শিল্পীরা। গতকাল রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে ইকরার স্বামী জাহের আলভী ও তার সহশিল্পী তিথিকে বয়কটের ডাক দেয়া হয়। ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম আয়োজিত এ মানববন্ধনে ইকরার ঘনিষ্ঠ বান্ধবীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগানে মুখরিত হয় এফডিসি প্রাঙ্গণ।

মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, আমরা যতটুকু জানি, পুলিশের কাছে ইকরার ফোনটি আছে। ওর ফোনে প্রচুর প্রমাণ আছে। আমাদের কাছে পাসওয়ার্ড রয়েছে। সেটি দিয়ে পুলিশ চাইলে ফোন খুলে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারে। তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে? পরকীয়ার বিচারের জন্য কি কোনো আইন নেই?

মানববন্ধনে ইকরার বান্ধবী দাবি করা কয়েকজন এ ঘটনায় জাহের আলভীর কথিত প্রেমের সম্পর্কের কথা সামনে আনেন। ওই অভিনয়শিল্পীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেও দাবি করেন তারা। প্রসঙ্গত, স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘনিষ্ঠজনদের দাবি, অভিনেত্রী ইফফাত আরা তিথির সাথে আলভীর কথিত ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’-এর জেরে আত্মহননের পথ বেছে নেন ইকরার।

এ দিকে সোমবার রাতে এক ভিডিও বার্তায় সমালোচকদের উদ্দেশে জাহের আলভী বলেন, “গল্পের একটা পাতা পড়েই জাজ করছেন। একটা দিক পড়ে মনের মতো যা ইচ্ছা বলছেন। কিন্তু এক পাশ পড়ে অন্য পাশ না পড়লে তো পুরো সত্য জানা যায় না।

উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় রাজধানীর পল্লবী থানায় জাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।