কানাডার স্কুলে বন্দুক হামলায় নিহত ৯

Printed Edition

আলজাজিরা

কানাডার উত্তর-পূর্ব ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ শহরে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এ হামলা ঘটে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই আত্মঘাতী হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, অন্য কোনো হামলাকারীর সংশ্লিষ্টতা নেই এবং জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই।

টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে গুলির ঘটনায় ছয়জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। পরে স্কুলের ভেতরে হামলাকারীর লাশ পাওয়া যায়। কাছের একটি বাড়ি থেকেও দুইজনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ সন্দেহভাজনকে ‘বাদামি চুলের পোশাক পরা নারী’ হিসেবে বর্ণনা করেছে। তবে নাম প্রকাশ করেনি। নিহতদের মধ্যে শিশু আছে কি না তা নিশ্চিত করা হয়নি। একজন শিক্ষার্থী দারিয়ান কুইস্ট জানান, ক্লাসে ঢোকার পরপরই অ্যালার্ম বাজে এবং লকডাউন ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা টেবিল দিয়ে দরজা আটকে রাখে এবং ২ ঘণ্টার বেশি সময় ভেতরে অবস্থান করে। পরে পুলিশ এসে তাদের বের করে আনে। প্রায় ১০০ শিক্ষার্থী ও শিক্ষককে নিরাপদে সরিয়ে নেয়া হয়। স্থানীয় সাংবাদিক ট্রেন্ট আর্নস্ট জানান, স্কুলের চারপাশে সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছিল।

টাম্বলার রিজ একটি ছোট শহর, জনসংখ্যা প্রায় দুই হাজার ৪০০। শহরের মেয়র ড্যারিল ক্রাকোভকা বলেন, ‘আমি প্রতিটি নিহতকে চিনি। তারা শুধু বাসিন্দা নয়, আমার পরিবারের মতো।’ তদন্তের দায়িত্ব নিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (জঈগচ) মেজর ক্রাইমস ইউনিট। ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি ঘটনাকে ‘অকল্পনীয় ট্র্যাজেডি’ বলেছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জার্মান সফর স্থগিত করে বলেছেন, তিনি এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সাহসী উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন। স্কুল সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে।