রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি বাস পুড়ে গেছে

Printed Edition

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি বাস পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার মধ্যরাতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি বাস টার্মিনাল সংলগ্ন একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৩টা ৪০ মিনিটের দিকে প্রথম আগুন দেখতে পান ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে দোকানিরা চিৎকার শুরু করেন। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ছোটন দাশ জানান, তার দোকানে থাকা নতুন ও পুরাতন প্রায় ৩৫টি জেনারেটর পুড়ে গেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।