মানববন্ধনে বাধা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে গত বৃহস্পতিবার আয়োজিত মানববন্ধনে বাধা ও হয়রানির অভিযোগ তুলেছে ‘দখলদারিত্ব বিরোধী ক্রীড়া আন্দোলন’। সংগঠনটির দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে এবং আন্দোলনকারীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা জানিয়েছে, ‘দেশের ক্রীড়াঙ্গনে দখলদারিত্ব, অনিয়ম ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। তবে কর্মসূচি শুরুর পরপরই কিছু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা সৃষ্টি করে এবং অংশগ্রহণকারীদের উদ্দেশে বিভিন্ন ধরনের উসকানিমূলক আচরণ করে। মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে এবং তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে।’ সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।