অবকাশ শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
অর্ধমাসব্যাপী অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার থেকে পুনরায় নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ছুটির অবসান ঘটিয়ে কাল সকাল থেকেই আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে বিচারকাজ শুরু হবে।
গতকাল শনিবার সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ৬৬টি বেঞ্চের বিস্তারিত তালিকা ও কার্যতালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোন কোন বিচারপতি কোন বেঞ্চে দায়িত্ব পালন করবেন।
গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ গ্রহণের পর অবকাশকালীন ছুটি থাকায় আজ রোববারই হতে যাচ্ছে প্রধান বিচারপতি হিসেবে এজলাসে তার প্রথম আনুষ্ঠানিক কার্যদিবস। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট প্রশাসন ও আইনজীবীদের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বর্ণাঢ্য প্রস্তুতি।
দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে ঐতিহ্যবাহী সংবর্ধনা প্রদান করবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। এ সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাজসজ্জার কাজও সম্পন্ন হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এবং পুনর্গঠিত ৬৬টি হাইকোর্ট বেঞ্চে কয়েক হাজার মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বছরে বিচার বিভাগের গতিশীলতা বৃদ্ধি এবং মামলা জট নিরসনে প্রধান বিচারপতির নতুন নির্দেশনা ও পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন সাধারণ বিচারপ্রার্থী ও আইন অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘ বিরতির পর আবারো আইনজীবীদের পদচারণায় এবং বিচারপ্রার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে সুপ্রিম কোর্টের প্রতিটি আঙ্গিনা।