শেরপুর সীমান্তে বন্যহাতির তাণ্ডব নির্ঘুম ৪ গ্রামের মানুষ

Printed Edition

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় বন্য হাতির আতঙ্কে চার গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। গত সোমবার বিকেল থেকে ঝিনাইগাতী উপজেলার গজনী পাহাড়ি এলাকায় ২০ থেকে ২৫টি বন্য হাতির একটি দল সীমান্ত সড়কের পর্যটন কেন্দ্র ‘অবকাশ’সংলগ্ন চার রাস্তার মোড়ে অবস্থান নেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে সন্ধ্যার পর হাতির দল পাহাড় থেকে নেমে লোকালয়ে প্রবেশ করে উত্তর গান্ধীগাঁও, পশ্চিম বাঁকাকুড়া, উত্তর বাঁকাকুড়া ও ছোট গজনী এলাকায় ভুট্টা ও আধা পাকা ধানক্ষেতে হামলা চালায়। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, ফসল ও বাড়িঘর রক্ষায় তারা রাতভর মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। হাতির আক্রমণের আশঙ্কায় পুরো রাত জেগে কাটাতে হয়েছে তাদের।

স্থানীয় বাসিন্দা দুলাল মণ্ডল বলেন, ফসল বাঁচাতে সারারাত পাহারা দিতে হয়েছে। হাতির দল অনেক জমির ভুট্টা ও ধান নষ্ট করেছে।

গজনী বিট কর্মকর্তা সালেহীন জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।