বরিশালে ৫ আ’লীগ নেতার জামিনে আইনজীবীদের আদালত বর্জন
Printed Edition
বরিশাল ব্যুরো
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, সাবেক এমপি জেবুন্নেছা আফরোজসহ পাঁচ শীর্ষ নেতার জামিনের প্রতিবাদে আদালত বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। গতকাল মঙ্গলবার বরিশাল আদালত প্রাঙ্গণে আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।
জামিন পাওয়া অন্য নেতারা হলেন- বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।
আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ একাধিক মামলার আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস এবং বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম ছবিকে জামিন দেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি একই আদালত মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে জামিন প্রদান করেন। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিঙ্কন বলেন, একাধিক গুরুতর মামলার আসামিদের জামিনে আইনজীবী সমাজ বিস্মিত ও ক্ষুব্ধ। এ ধরনের সিদ্ধান্তে ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জামিনের প্রতিবাদে প্রতীকীভাবে আদালত বর্জন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এ ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে জামিনপ্রাপ্ত নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।