ড্রতে শেষ মোহামেডান- ব্রাদার্সেও মোহামেডান ০-০ ব্রাদার্স
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
চলতি বছরের প্রথম ম্যাচ বাংলাদেশ ফুটবল লিগের। আর মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের ছিল চলতি লিগের প্রথম পর্বের শেষ ম্যাচ। তবে এ শেষটা জয়ে রাঙ্গাতে পারেনি দেশের ফুটবলের প্রতিষ্ঠিত এ দুই ক্লাব। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোলশূন্য ড্র করেছে এ দুই দল। ফলে প্রথম পর্ব শুরুর মতো শেষটাও জয় হীন থাকতে হলো তাদের। উল্লেখ্য, দুই দলই লিগের প্রথম ম্যাচে হারের লজ্জা পেয়েছিল। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছিল ফর্টিস এফসি। আর ব্রাদার্স ইউনিয়ন ০-১ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ পুলিশের কাছে। কাল ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে অবস্থানের হেরফের হয়নি মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের। ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে সাদাকালো শিবির। আর ৯ পয়েন্টে সাথে রয়েছে গোপীবাগের দল।
গোল মিসই কাল জয়ে বাধা হয়ে দাঁড়ায় এ দুই দলের। যদিও দুই দলের একটি করে গোল বাতিল হয়েছে অফসাইডে। ম্যাচের তিন মিনিট বয়সে লিড নিতে পারতো মোহামেডান; কিন্তু স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং বলের নাগাল পাননি। তার আগেই বলের দখল নেন ব্রাদার্স কিপার ইশহাক আকন্দ। ৭২ মিনিটেও ব্রাদার্সের পোস্ট অক্ষত রাখেন এ গোলরক্ষক। ঘানার স্যামুয়েল বোয়েটাংয়ের শট রুখে দেন তিনি। ৭৯ মিনিটে ব্রাদার্স গোল পায়নি ব্রাজিলিয়ান মার্কোস সিলভা এবং নেপালের এরিখ বিস্তার ভুলে। মোহামেডান কিপার সুজন হোসেনকে কাটিয়েও গোল করতে ব্যর্থ তারা। ৮৫ মিনিটে সতীর্থ শফিউল হাসনাইনের কাছ থেকে বল ঠিকমতো না পাওয়ায় গোল করতে পারেননি বোয়েটাং। তিনি বলে যথাযথভাবে পা লাগাতে পারলেই বল জালে যেত।
মোহামেডানের এটি টানা তিন ড্র। সে সাথে টানা চার ম্যাচে জয় শূন্য তারা। আজ শেষ হচ্ছে লিগের প্রথম পর্ব। শেষ দিনে চারটি ম্যাচ।