লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

Printed Edition
first-2
লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

বিশেষ সংবাদদাতা

  • মেডিক্যাল বোর্ডের সমন্বিত সিদ্ধান্ত
  • কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে সাথে যাচ্ছেন ১৪ জন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে। দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা নানাভাবে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দিয়েছে। গতকাল দুপুরে এই সিদ্ধান্তের কথা জানান মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঠিক কখন বেগম জিয়াকে নিয়ে কাতার সরকারের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে তা নির্ধারিত হয়নি। বিএনপি থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার যেকোনো সময় খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করতে পারে। সেখানকার লন্ডন ব্রিজ হাসপাতালে তাকে ভর্তি করা হবে। খালেদা জিয়ার এই চিকিৎসা-যাত্রায় সঙ্গী হচ্ছেন মেডিক্যাল বোর্ড ও পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ মোট ১৪ জন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে এসডিইউ থেকে সিসিইউতে নেয়া হয়। জানা গেছে, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটার কিছুটা উন্নতির দিকে। তবে তার হৃদযন্ত্রে জটিলতা রয়েছে। বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত। গত কয়েক দিন ধরেই তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন থাকায়, তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে।

এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। গত বুধবার রাতে চীন থেকে দেশটির চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন। রাতেই তারা খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডে যোগ দেন। এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়াকে দেখেন। এই চিকিৎসকরা বুধবার মধ্যরাত পর্যন্ত এবং গতকাল বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করে বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেন।

ডা: জাহিদের সংবাদ সম্মেলন : গতকাল দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ সম্মেলনে মেডিক্যাল বোর্ডের সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই, দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার সিদ্ধান্ত দিয়েছেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কাতার সরকারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনাকে আজকে বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা শুক্রবার সকালের ভেতরে ইনশাআল্লাহ যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনে একটি নির্ধারিত হসপিটাল ঠিক করেছি সেখানে আমরা উনাকে নিয়ে যাব।’

তিনি বলেন, খালেদা জিয়ার যাওয়ার সময়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং বাইরের দুই জন চিকিৎসক সাথে থাকবেন, যাতে উনার যাত্রাপথে কোনো ধরনের প্রতিকূলতার মধ্যে বিমানে চিকিৎসা দেয়া যায়।

অধ্যাপক জাহিদ বলেন, আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং উনার কন্যা জায়মা রহমান, দেশনেত্রীর ছোট ছেলের সহধর্মিণী সৈয়দা শামিলা রহমানসহ তাদের দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমান, উনার ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাদের আত্মীয়স্বজনের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীকে কৃতজ্ঞা জানাই।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা, সেনা বাহিনীসহ তিন বাহিনী প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়, এভারকেয়ার হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারী, চীন, রাশিয়া, কাতার, সৌদি আরব, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান দূতাবাসের সব ধরনের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক জাহিদ।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না জানতে চাইলে জাহিদ বলেন, ‘আমরা মেডিক্যাল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু চিন্তা করছি না। মেডিক্যাল বোর্ড বুধবার তিনবার ভার্চুয়ালি বৈঠক করেছেন। ফিজিক্যালি দেখেছেন উনাকে যুক্তরাজ্য ও চীনের ডাক্তাররা। আমরা আল্লাহর রহমতে আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর অশেষ রহমতে আগেও ঘুরে দাঁড়িয়েছেন, এবারো ইনশাআল্লাহ উনি আবারো আমাদের মাঝে ফেরত আসবেন।’

বেলা ৩টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, আজ বৃহস্পতিবারের রাতের মধ্যেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছাবে। সম্ভবত খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে।

মির্জা ফখরুল বলেন, অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে এই দোয়া চাচ্ছি যে, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি।

সঙ্গী হচ্ছেন ১৪ জন : বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সাথে যাবেন ১৪ জন। তারা হলেন-খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক আবু জাফর মো: জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, চিকিৎসক মো: শাহাবুদ্দিন তালুকদার, চিকিৎসক নূরউদ্দিন আহমদ, চিকিৎসক মো: জাফর ইকবাল, চিকিৎসক মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো: আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো: মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার।

চলতি বছরে ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হয় কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া রয়েল অ্যাম্বুলেন্সে করে। সেখানে প্রথমে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। চার মাস চিকিৎসা শেষে ৬ মে ওই অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।

আজ দেশে আসছেন জুবাইদা রহমান : আজ দেশে আসছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা: জুবাইদা রহমান। গত রাতেই তিনি লন্ডন থেকে রওনা হয়েছেন। সকাল সাড়ে ৯টায় তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। দেশে ফেরার পর তিনি এভারকেয়ারে চিকিৎসাধীন বেগম জিয়ার সফরসঙ্গী হয়ে আবারো লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।