তানোরে গর্তে পড়া শিশুকে ৩২ ঘণ্টা পর উদ্ধার
Printed Edition
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর তানোরে ভূগর্ভের পানি তোলার জন্য তৈরি করা গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে ৩২ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করার পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, রাত ৯টায় শিশুটিকে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করেছি। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানাবেন।
গত বুধবার বেলা ১টার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে মায়ের সাথে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ নামের দুই বছরের শিশুটি। সে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো: রাকিবুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, তানোরের কোয়েল হাট গ্রামে ভূগর্ভের পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এর পরও ওই গ্রামের কছির উদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কি না, সেটি যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন; কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। মায়ের সাথে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায়। এরপর শিশুটিকে উদ্ধারে বুধবার বেলা আড়াইটার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় আটটি ইউনিট। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের জন্য গতকাল সন্ধ্যা থেকে খননযন্ত্র দিয়ে খননকাজ শুরু করা হয়। ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করা হয়।