চবিতে সৈয়দ ওয়ালীউল্লাহ্ ও আহমদ ছফাকে নিয়ে দিনব্যাপী যৌথ সেমিনার
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্ ও আহমদ ছফার সাহিত্য’ বিষয়ক একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কনফারেন্স কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকবাল শাহীন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘আহমদ ছফা ও সৈয়দ ওয়ালীউল্লাহ্ বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র। ছফার ‘গাভী বিত্তান্ত’ যেমন কালজয়ী, তেমনি ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাসে গ্রামীণ সমাজের কুসংস্কার ও শোষণের বাস্তব চিত্র ফুটে উঠেছে।’ প্রোভিসি (একাডেমিক) ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আহমদ ছফা তার সাবলীল লেখনীর মাধ্যমে মানুষের বিশ্বাসকে নাড়া দিতে পারতেন, আর ওয়ালীউল্লাহ লিখেছেন সমাজ পরিবর্তনের লক্ষ্যে। প্রোভিসি (প্রশাসন) ড. মো: সফিকুল ইসলামও সাহিত্যের এই দুই দিকপালের অনন্য অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নেয়ামত উল্যাহ ভূঁইয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির অনুবাদক মোজাফফর হোসেন। উদ্বোধনী পর্বের সঞ্চালনায় ছিলেন বিভাগের প্রফেসর ড. শারমিন মুস্তারী।
উদ্বোধন শেষে ‘মিখাইল বাখতিনের আলোকে সৈয়দ ওয়ালীউল্লাহ্’ শীর্ষক প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ পাঠ করেন চবি বাংলা বিভাগের পিআরএল ভোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ। এর ওপর আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ গোলাম মাওলা, চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী ও প্রফেসর ড. মাখন চন্দ্র রায়।
বিকেলের দ্বিতীয় অধিবেশনে ‘আহমদ ছফার পুষ্প, বৃক্ষ ও বিহঙ্গ পুরাণ : প্রকৃতি ও মানুষের আন্তঃসম্পর্কের বয়ান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আলম চৌধুরী। এতে আলোচনায় অংশ নেন বিশিষ্ট প্রাবন্ধিক ও নাট্যকার অভীক ওসমান এবং চবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।