ভারতীয় ক্রিকেটে কাশ্মিরি বিপ্লব
Printed Edition
ক্রীড়া ডেস্ক
রঞ্জি ট্রফি জিতে ইতিহাস গড়ল জম্মু-কাশ্মির। ভারতের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ রঞ্জি ট্রফিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল দলটি। হুবলি ক্রিকেট মাঠে গতকাল আটবারের চ্যাম্পিয়ন কর্নাটককে পেছনে ফেলে শিরোপা জয় করে প্রাদেশিক দলটি।
কর্ণাটকের বিপক্ষে ৫৪ রানে পাঁচ উইকেট শিকার করে ড্রয়ে বড় অবদান রেখেছেন পেসার আকিব নবি। তার বোলিং তোপেই জম্মু-কাশ্মিরের প্রথম ইনিংসে দাঁড় করানো ৫৮৪ রানের সংগ্রহের জবাবে অনেকটাই পিছিয়ে পড়ে কর্ণাটক। প্রথম ইনিংসে ২৯১ রানের বড় লিড পায় জম্মু-কাশ্মির। ম্যাচের শেষ দিনে চার উইকেটে ৩৪২ রান করে ইনিংস ঘোষণা করে জম্মু। তবে কোনো দলের পক্ষে ম্যাচ জয়ের সম্ভাবনা না থাকায় দুই অধিনায়ক ড্র মেনে নেন। এতেই নিশ্চিত হয় জম্মু-কাশ্মিরের শিরোপা জয়।
এ দিকে ৬০ উইকেট শিকার করে শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন পেসার আকিব নবি। চলমান রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছেন তিনি। টুর্নামেন্টের ৯২ বছরের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক মৌসুমে ৬০ উইকেট শিকারের কীর্তি গড়লেন এ ফাস্ট বোলার। চলমান আসরে এটি তার সপ্তম ফাইফার। আর রঞ্জি ট্রফির ক্যারিয়ারে ১৫তম বারের মতো শিকার করলেন পাঁচ উইকেট।
১৯৬০ সালে রঞ্জি ট্রফিতে যোগদানের পর ২২ বছর পর নিজেদের প্রথম জয় পায় দলটি। ১৯৮২ সালে ৯৯তম ম্যাচে প্রথম জয় পায় দলটি। এবার শিরোপা জয় করল।