আজ নাসরিন স্পোর্টসের সামনে করাচি সিটি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বয়সভিত্তিক মেয়েদের নিয়ে প্রথম ম্যাচে কুলিয়ে উঠতে পারেনি নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। ফলে ৫ ডিসেম্বর স্বাগতিক নেপালের এপিএফ ক্লাবের কাছে ০-৪ গোলে হার বাংলাদেশের নারী ফুটবল লিগের সর্বশেষ চ্যাািম্পয়নদের। দলটি সিনিয়র ফুটবলার বলতে একমাত্র সানজিদা আক্তারকেই নিতে পেয়েছে। এতে এপিএফের সিনিয়র খেলোয়াড়দের সাথে পাল্লা দিয়ে ব্যর্থ হয়েছেন অর্পিতা বিশ্বাস, সৌরভী আকন্দ প্রীতি, মামণি চাকমা, মেঘলা রানীরা। সেই ধাক্কা সামলিয়ে আজ তাদের ঘুরে দাঁড়ানোর মিশন। আজ যদি তারা জিততে পারে পাকিস্তানের করাচি সিটির বিপক্ষে তাহলে প্রথম সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ থাকবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। টিম লিডার আতাউর রহমান খান বলেন, প্রথম ম্যাচের আগে আমরা প্র্যাকটিসের সময় পায়নি। তবে গত দুই দিনে ভালো প্রস্তুতি হয়েছে। এখন আমাদের উঠতি এই ফুটবলাররা যদি ঠিক মতো ৯০ মিনিট খেলতে পারে তাহলে করাচীর সাথে ভালো করতে পারব।

করাচি সিটি প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের সাথে। ফলে পাকিস্তানি ক্লাবটিরও জয়ের বাধ্যবাদকতা।