চট্টগ্রামে একসাথে ৫ সন্তানের জন্ম দিলেন নারী
Printed Edition
চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘ দশ বছর নিঃসন্তান থাকার পর পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী। এর মধ্যে তিনজন মেয়ে ও দুইজন ছেলে। সোমবার রাতে নগরীর পিপলস হাসপাতালে একসাথে পাঁচ সন্তানের জন্ম দেয়া নারীর নাম এনি আক্তার। তার স্বামী সাতকানিয়ায় ছোটখাটো ব্যবসার সাথে জড়িত। চিকিৎসকের পরামর্শে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতি ব্যবহার করেন। বর্তমানে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ডাক্তারদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন আছে শিশুগুলো। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমিন সুমি। তিনি জানান, ইনফার্টিলিটি বিষয়টি নিয়ে কাজ করি, এমন অনেকে আছেন সন্তানের মা ডাক শুনতে পারেন না। এনি আক্তারও এমনি ছিল। যখন আমার কাছে আসে তখন তাদের কান্না কান্না অবস্থা। সংসার ভেঙে যাওয়ারও অবস্থা হয়েছিল। আর্থিকভাবে তারা অসচ্ছল। কষ্ট করে চিকিৎসার ব্যয় মিটিয়েছেন। তিনি আরো বলেন, পাঁচ শিশুর মধ্যে তিন শিশুর এক কেজি ৬০০, এক কেজি ৫০০, এক কেজি ৪০০ ওজন হয়েছে। বাকি দুই কন্যাশিশুর ওজন কিছুটা কম। এক কেজি করে। এক সাথে পাঁচ শিশুর জন্ম ব্যতিক্রমী একটি ঘটনা। সন্তান জন্মদানকারী মা এনি আক্তার সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।
নিম্ন আয়ের পরিবার হওয়ায় সন্তানদের চিকিৎসার খরচ বহন করা কিছুটা চিন্তার কারণ হলেও দীর্ঘ দিন পর একসাথে পাঁচ সন্তানের আগমনে খুশি পরিবারের সদস্যরা। চট্টগ্রাম নগরীর বেসরকারি পিপলস হাসপাতালে শিশুদের জন্ম হলেও বর্তমানে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ৭২ ঘণ্টা অবজারভেশনে থাকতে হবে। চট্টগ্রাম ব্যুরো