আখাউড়ায় প্রায় কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি উদ্ধার
Printed Edition
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৯৫৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার বাউতলা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা এই চোরাই পণ্যগুলো উদ্ধার করেন। বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে আখাউড়া বাউতলার বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাঠের পাশে খোলা জায়গায় মজুদ অবস্থায় ৯৫৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত শাড়ির মূল্য ধরা হয়েছে ৮১ লাখ ৫০০ টাকা। সীমান্ত চোরাচালানরোধে বিজিবি এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করছে বলেও তিনি জানান।