ট্রাম্পের সাথে বিরোধে রাশিয়া-চীনকে পাশে পাচ্ছে না ভেনিজুয়েলা
Printed Edition
বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে চাপ বাড়াচ্ছে। তবে দেশটির প্রধান আন্তর্জাতিক মিত্র রাশিয়া ও চীন তেমন সক্রিয় সমর্থন দেখাচ্ছে না। এ পরিস্থিতি ভেনিজুয়েলার রাজনৈতিক সঙ্কটকে অরো জটিল করে তুলেছে।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভেনিজুয়েলার তেল খাত ও সরকারি কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন বলছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে তারা আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের দাবি, মাদুরো গণতন্ত্রকে ধ্বংস করছেন এবং মানবাধিকার লঙ্ঘন করছেন।
ভেনিজুয়েলার দীর্ঘদিনের মিত্র রাশিয়া অতীতে দেশটিকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মস্কো প্রকাশ্যে তেমন কোনো বড় পদক্ষেপ নিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া নিজেই অর্থনৈতিক সঙ্কটে রয়েছে। ফলে ভেনিজুয়েলাকে আগের মতো শক্তিশালী সমর্থন দেয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
চীন ও ভেনিজুয়েলার বড় অর্থনৈতিক অংশীদার। দেশটি অতীতে তেল ও অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ করেছে। কিন্তু বর্তমানে বেইজিং সতর্ক অবস্থান নিয়েছে। তারা প্রকাশ্যে মাদুরোকে সমর্থন করলেও নতুন কোনো বড় অর্থনৈতিক সহায়তা ঘোষণা করেনি। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপড়েনের কারণে চীন ভেনিজুয়েলাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না।
ভেনিজুয়েলা বর্তমানে মারাত্মক অর্থনৈতিক সঙ্কটে রয়েছে। তেলের দাম কমে যাওয়া, দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির জনগণ ব্যাপক দুর্ভোগে পড়েছে। লাখ লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। মাদুরো সরকার বলছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই সঙ্কটের মূল কারণ। তবে বিরোধীরা দাবি করছে, সরকারের দুর্নীতি ও অদক্ষতা দেশটিকে ধ্বংসের পথে নিয়ে গেছে। জাতিসঙ্ঘ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ভেনিজুয়েলার সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা রাজনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও রাশিয়া ও চীন যদি সক্রিয় না হয়, তাহলে মাদুরো সরকারের আন্তর্জাতিক সমর্থন আরো দুর্বল হয়ে পড়বে।
ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ভেনিজুয়েলার ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। কিন্তু রাশিয়া ও চীনের সীমিত সমর্থন দেশটির ভবিষ্যৎ রাজনীতিকে অনিশ্চিত করে তুলছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সমীকরণে পরিবর্তন হলে ভেনিজুয়েলার সঙ্কট আরো গভীর হতে পারে।